মাটি থেকে ৯০ মিটার উঁচুতে বিদ্যুতের তারে ঝুলে রুশ প্যারাগ্লাইডার! তিন ঘণ্টার অভিযানে কী ভাবে হল উদ্ধার?
হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ বিপত্তি। মাঝআকাশে উড়তে উড়তে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে গেলেন এক রুশ পাইলট। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে বিপজ্জনক অবস্থায় ঝুলে রইল তাঁর প্যারাগ্লাইডার। পরিস্থিতি বুঝে মোবাইল ফোনে ছবি তুলে সাহায্য চাইলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই রুশ পাইলটকে।সোমবার বিকেলে হিমাচল প্রদেশের কাংড়া জেলার বীর বিলিং এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার জনপ্রিয় প্যারাগ্লাইডিং কেন্দ্র থেকে উড়েছিলেন অ্যালেক্সি নামে ওই রুশ পাইলট। আকাশে ওড়ার সময় কোনও ভাবে হাই-টেনশন বিদ্যুতের তারের কাছাকাছি চলে যান তিনি। এরপরই তাঁর প্যারাগ্লাইডার আটকে যায় বিদ্যুতের তারে। মুহূর্তের মধ্যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে ঝুলতে থাকেন তিনি।বিপদের মধ্যে পড়েও মাথা ঠান্ডা রাখেন অ্যালেক্সি। নিজের মোবাইল ফোন দিয়ে ছবি তুলে পাঠান বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের কাছে। সেই ছবির মাধ্যমে নিজের অবস্থানের কথাও জানান তিনি। পরে বিষয়টি মান্ডি জেলা প্রশাসনের নজরে আসে। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।তবে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে থাকায় উদ্ধারকাজ ছিল অত্যন্ত কঠিন। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তাই সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মাটিতে নিরাপত্তার জন্য জাল ও গদি বিছিয়ে রাখা হয়। বিশেষ যন্ত্রপাতির সাহায্যে পাইলটের কাছে পৌঁছনোর চেষ্টা করেন উদ্ধারকারীরা। দীর্ঘ চেষ্টার পর তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।এই উদ্ধার অভিযানে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, গাওয়ার কনস্ট্রাকশন সংস্থা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথ ভাবে অভিযান চালান। তাঁদের সমন্বিত প্রচেষ্টাতেই প্রায় তিন ঘণ্টা পর বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা পান রুশ পাইলট।

